স্টাফ রিপোর্টার: এলএনজি, সার ও চাল আমদানিসহ মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৬৭ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে জানানো হয়, নতুন বছরের জানুয়ারিতে ব্যবহারের জন্য স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘মেসার্স পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন’ এ কার্গো সরবরাহ করবে। প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ৯ দশমিক ৯৯ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এ খাতে ব্যয় হবে ৪২০ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা।
এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরবের ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে দুই লটে মোট ৮০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন ৪১৩ দশমিক ৪৬ ডলার দরে এ বাবদ ব্যয় হবে ৪০৬ কোটি ১৮ লাখ টাকা।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ এ চাল সরবরাহ করবে। প্রতি টন ৩৫১ দশমিক ১১ ডলার দরে এ খাতে ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ টাকা।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতায় ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের অধীনে নওগাঁ ও বগুড়ায় একটি করে সারের গুদাম নির্মাণের পূর্ত কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নওগাঁয় ২৫ হাজার টন এবং বগুড়ায় ২০ হাজার টন সার ধারণক্ষমতার গুদাম নির্মাণ করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজও ভালোভাবে সম্পন্ন করেছে বলে তিনি মনে করেন।
একসঙ্গে গণভোট হলে ব্যয় বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাহিদাপত্র আসেনি। প্রস্তাব এলে দ্রুতই প্রক্রিয়া করা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মোটের ওপর সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সব খাত একসঙ্গে ভালো চলবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি