বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, টাকা ছাপিয়ে নয়, বরং প্রাকৃতিক ও টেকসই উপায়ে অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই ব্যাংকিং খাতকে সম্প্রসারণ করতে হবে।
সোমবার কক্সবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ক্যাশলেস প্রচারণা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের আর্থিক খাত সংকুচিত হয়েছে। একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে ২০ বিলিয়নে নেমে গিয়েছিল। বর্তমানে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাজারে টাকার সরবরাহ কিছুটা বাড়াতে সহায়ক হয়েছে।
তিনি বলেন, রেমিট্যান্স, বিদেশি ঋণ ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে পারলে ব্যাংকিং চ্যানেলে অর্থ সরবরাহ বাড়বে। এতে পুরো ব্যাংক খাত শক্তিশালী হবে। শুধু আলাদা কোনো ব্যাংক বড় হলে সামগ্রিক খাতে সুফল আসবে না।
ড. আহসান এইচ মনসুর আরও বলেন, চীন, ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে জিডিপির বিপরীতে মুদ্রা সরবরাহ এখনও কম। অর্থনীতিতে টাকার প্রবাহ না বাড়লে ব্যাংক আমানতও বাড়বে না।
ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, সবাই যেন স্মার্টফোন ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক কাজ করছে। ব্যাংকগুলোকে ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারে জোর দিতে হবে এবং ক্রেডিট কার্ডের সীমা বাড়াতে হবে। ভবিষ্যতে সব প্রচলিত ব্যাংকই ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকে রূপ নেবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের সভাপতিত্বে কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। এর আগে সকালে একটি র্যালি এবং বিকেলে ক্যাশলেস লেনদেনের প্রচারপত্র বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি