ফেনী প্রতিনিধি: ফেনীতে আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই সম্মেলনটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ১০টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
সোমবার ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংস্থার ফেনী জেলা সভাপতি মাওলানা মো. আবদুল ফাত্তাহ।
তিনি জানান, সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রখ্যাত আলেমগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবকবৃন্দ, আজীবন দাতা সদস্যদের প্রতিনিধিগণ এবং সাংবাদিকবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন দারুল উলুম আল-হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব।
আন্তর্জাতিক এই ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তানজানিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ পবিত্র কুরআন তেলাওয়াত করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আবু জাফর, দপ্তর সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রশীদ আহমেদ মজুমদার, মিডিয়া সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ তথ্য ও মিডিয়া সম্পাদক জুবায়ের আল মুজাহিদ ও কামরুল হাসান নিরব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক কাজী মো. ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।