মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় দিগ্বিদিক ছুটে পালান এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুই স্থান থেকেই বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুর ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে। কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সন্ধ্যার ব্যস্ত সময়ে এমন ঘটনায় শহরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।