আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে পৌর বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে।
রবিবার (১৪ ডিসেম্বর) পৌর বাজার পরিচালনা কমিটির প্যাডে কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে ব্যাংক, বীমা, এনজিও ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অনুদান চাওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর বাজার পরিচালনা কমিটিকে অনুষ্ঠান পরিচালনা ও অনুদান সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ন্যূনতম ৫০০ টাকা করে দেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে নোটিশের বিষয়টি নিশ্চিত করতে আড়াইহাজার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান এ দাবি অস্বীকার করেন। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে অনুদান সংগ্রহ বা অনুষ্ঠান পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রশাসনের নাম ব্যবহার করে অনুদান চাওয়া বাজার কমিটির নিজস্ব বিষয়।
ইউএনও আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। অনুমোদন ছাড়া সরকারি নাম ব্যবহার করে অর্থ সংগ্রহের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পৌর বাজার পরিচালনা কমিটির কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কি না—এমন প্রশ্নে ইউএনও বলেন, বিজয় দিবসের কর্মসূচি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।