কক্সবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আঁকা ‘মুক্তিযুদ্ধবিহীন’ আলপনা বিতর্কের মুখে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে আলপনাগুলো মুছে ফেলার কাজ শুরু হয়।
জানা যায়, বিজয় দিবসের প্রস্তুতি হিসেবে শহীদ মিনারের দেয়ালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রাফিতি মুছে নতুন শৈল্পিক আলপনা আঁকা হয়। তবে এসব আলপনা দেখতে বিয়েবাড়ি বা বর্ষবরণ অনুষ্ঠানের সাজসজ্জার মতো হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়।
সন্ধ্যার আগে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিককর্মী আব্দুর রশিদ মানিক এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে তিনি বলেন, শহীদ মিনারের সাজসজ্জায় মুক্তিযুদ্ধের কোনো স্মারক বা ইতিহাস প্রতিফলিত হয়নি, যা দুঃখজনক।
ভিডিওতে অনেকে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেন। কেউ লেখেন, এটি বিয়েবাড়ির আলপনার মতো, আবার কেউ বলেন—শহীদ মিনারকে ‘আলপনা মিনার’ বানানো হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, শহীদ মিনারে অবশ্যই প্রাসঙ্গিক ও ঐতিহাসিক উপস্থাপনা থাকা উচিত ছিল। কক্সবাজার সরকারি কলেজের ছাত্র মাইনুদ্দিন হাবিব বলেন, এ ধরনের সাজসজ্জা মুক্তিযুদ্ধের মর্যাদাকে উপেক্ষা করেছে।
বিতর্কের পর সন্ধ্যা ৭টার দিকে শহীদ মিনার পরিদর্শন করে জেলা প্রশাসক আব্দুল মান্নান আলপনা অপসারণের নির্দেশ দেন। তিনি গণমাধ্যমকে জানান, আলপনাগুলো মুছে ফেলতে বলা হয়েছে।
রাত ৯টার দিকে প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারের দেয়াল ঢেকে রঙ দিয়ে আলপনা মুছে ফেলার কাজ চলতে দেখা যায়।
রিপোর্টার্স২৪/বাবি