রিপোর্টার্স২৪ ডেস্ক: যাদের আত্মত্যাগে মানচিত্রে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধে জড়ো হন। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।
সরেজমিনে দেখা যায়, নানা বয়সী মানুষের উপস্থিতিতে স্মৃতিসৌধ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। কেউ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করছেন, কেউ আবার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন।
মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে স্মৃতিসৌধে আসা কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বইয়ের পাতায় পড়েছি। আজ প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
অন্যদিকে শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম জানান, যাদের ত্যাগে আমরা স্বাধীন দেশে বেঁচে আছি, তাদের স্মরণ করা আমাদের দায়িত্ব। তাই প্রতি বছরই বিজয় দিবসে এখানে আসার চেষ্টা করি।
স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছি। এই দিনটি আমাদের গৌরবের প্রতীক। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই আজ এখানে এসেছি।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের শক্ত অবস্থানকেই আবারও স্পষ্ট করে তুলে ধরেছে।
রিপোর্টার্স২৪/ঝুম