ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনার, বধ্যভূমি ও মাধবপুর শহীদ জহুরুলের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল আটটায় পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনসহ একই মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করে ভাঙ্গা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ রজনীগন্ধা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, পৌর আমির ডা. এনায়েত হোসেন, এনসিপি সমন্বয়ক আশরাফ হোসেনসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন