লক্ষ্মীপুর প্রতিনিধি : ফ্যাসিস্ট পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের কারা ইন্ধন দিচ্ছে, সেটি খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় বিজয় চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশব্যাপী থানা, উপজেলাসহ বিভিন্ন স্থানে যেভাবে পাহারা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে এবার নির্বাচনেও পাহারা দেওয়া হবে। প্রত্যেকটি কেন্দ্রে পাহারা থাকবে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
এই নির্বাচনকে সুন্দর, অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করতে সরকার বা কোনো দলের একার পক্ষে সম্ভব নয়। এটি শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে লক্ষ্য, সেই জায়গায় পৌঁছাতে হবে, আর সেটা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খননের মাধ্যমে এই দেশের গণমানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণমানুষের দল বলা হয়। বাংলাদেশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখতেন, সেটা বাস্তবায়ন করাই এখন বিএনপির মূল লক্ষ্য।
আজকের বেগম জিয়া একদিনে আপোষহীন হননি, একদিনে নেত্রী হননি এবং একদিনে দেশনেত্রীও হননি। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ। খালেদা জিয়া বেঁচে থাকা মানে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী থাকা। গণতন্ত্র শক্তিশালী হওয়ায় খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তিনি বিএনপির মনোবল ও সাহস। বেগম খালেদা জিয়া আমাদের পাশে আছেন—এটাই আমাদের শক্তি। সেই শক্তি ও মনোবল নিয়ে আমরা মাঠে কাজ করছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ আরও অনেকেই।
রিপোর্টার্স২৪/এসএন