| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:২১:৪৩:পূর্বাহ্ন  |  ১০৯৫১৩৪ বার পঠিত
বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি : সারাদেশের মতো বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

এরপর জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

পুলিশ সুপারের পর একে একে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্যসচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা। বিএনপির পর যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে।

পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরী। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪