জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী কন্যা শিশুর অবশেষে আশ্রয় হলো একটি পরিবারে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিশু কল্যাণ বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন ওই শিশুকে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের নিকট বৈধ অভিভাবক হিসাবে হস্তান্তর করেন।
উল্লেখ, গত ৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে ইসলামপুর শহরের মোশাররফগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশে একদিন বয়সী নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু নিরাপত্তা ও প্রতিপালন বিধি মোতাবেক বৈধ অভিভাবকের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই নবজাতক শিশুর বৈধ অভিভাবক না থাকায় শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠা এবং পুনর্বাসনের লক্ষ্যে বৈধ অভিভাবক খোঁজা হচ্ছে।
উক্ত শিশুটির বৈধ অভিভাবক হতে আগ্রহী ব্যক্তিদের গত ১০ ডিসেম্বর ২০২৫ বেলা ১২ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর বরাবর আবেদন করে উপজেলা সমাজসেবা দপ্তরে জমা দিতে বলা হয়।
প্রেস বিজ্ঞপ্তিটি বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর অর্ধশতাধিক দম্পতির আবেদন আসে।
পাঁচ দিন পুলিশি তদন্ত, আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয় যাচাই করে শিশুটির লালন-পালন ও অভিভাবকের দায়িত্ব পালনে সক্ষম এমন পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শিশুর ভবিষ্যৎ নিরাপত্তার কারণে পরিবারটির নাম গোপন রাখা হয়েছে।
মানবিক এই কাজের জন্য নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে জামালপুর-২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি সুলতানা মাহমুদ বাবু, জামায়াতের এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুধী সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন