| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৯:৫১:৫৪:পূর্বাহ্ন  |  ১১২৫৭৬৯ বার পঠিত
৪০ মিনিট বিরতির পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা মেট্রোরেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। প্রায় ৪০ মিনিটের স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার পর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজিত প্যারাজাম্প কর্মসূচিতে অংশ নেওয়া প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নির্ধারিত সময় শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় এবং বর্তমানে স্বাভাবিক বিরতিতেই ট্রেন চলাচল করছে।

সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও ডিএমটিসিএলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে আজ প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, নিয়মিত কর্মদিবসে (শুক্রবার ব্যতীত) সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত যেকোনো স্টেশন থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপ-আপ করা যায়। শুক্রবারের ক্ষেত্রে সময়সূচি ভিন্ন সেদিন উত্তরা উত্তর স্টেশনে বিকাল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকাল ৩টা ৫ মিনিট থেকে এই সেবা চালু হয়। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যায়।

প্যারাজাম্প কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তি হলেও মেট্রোরেল চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪