রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত রাকসুর উদ্যোগে নির্মিত প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের শিকার। মহান বিজয় দিবসেও এর ব্যতিক্রম দেখা যায়নি। তবে এই অবহেলার মধ্যেই দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলামের আহ্বানে বিজয় দিবসে সংগঠনটি শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে রাবি ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকতে দেখে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি এ উদ্যোগে অংশ নেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী বিস্ফোরক ব্যবহার করে এই ঐতিহাসিক শহীদ মিনারটি ধ্বংস করে দিয়েছিল। বিজয় দিবসের এই দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।
গ্রীন ভয়েস রাবির ছাত্র উপদেষ্টা ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, “বিজয় দিবস হওয়া সত্ত্বেও দুপুর ১২টা পর্যন্ত আমরা দেখেছি রাবির প্রথম এই শহীদ মিনারটি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। তাই দায়িত্ববোধ থেকে গ্রীন ভয়েসের সদস্যরা উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি এবং শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করি।”
এ সময় গ্রীন ভয়েস রাবির সাবেক সভাপতি আশিকুর রহমান শহীদদের স্মরণে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি যথাযথ মর্যাদায় সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।
পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাবির আইটি সম্পাদক ও সমকাল সুহৃদ রাবির সদস্য মোহাম্মদ খালিদ, গ্রীন ভয়েস রাবির সাবেক সদস্য মিমি, তানফিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম