স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে রণাঙ্গণের বীরযোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার কাশিপুর বিওপির কাছে সমাহিত রয়েছেন মুক্তিযুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে আমৃত্যু লড়াই করা এই বীর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সেখানে তার স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি গার্ড অব অনার প্রদর্শন করা হয়।
এর আয়োজন করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের প্রতি বাহিনীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদর্শন করেন। এরপর তিনিসহ সকল শহীদ বীরমুক্তিযোদ্ধার বিদেহি আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তার গৌরবময় স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এবছরও যথাযোগ্য মর্যাদায় পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করা।
রিপোর্টার্স২৪/ধ্রুব