রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই আনন্দের দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গভীর ব্যথিত হৃদয়ে। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, তা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের রাষ্ট্রের অস্তিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও ভবিষ্যৎ পথচলার ওপর আঘাত।
তিনি জানান, হামলায় গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রধান উপদেষ্টা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস কিংবা রক্তপাত ঘটিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সংযম বজায় রাখুন। অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।
রিপোর্টার্স২৪/এসসি