রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণদের রক্ষা করা গেলে সবাই রক্ষা পাবে এবং মাতৃভূমিও নিরাপদ থাকবে। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের পথে সবচেয়ে বড় বাধা। অস্ত্রহীন, ভীতিহীন ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকা এই তরুণদের নিয়েই তাদের সবচেয়ে বেশি ভয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের মূল লক্ষ্য হলো,নির্বাচনের আগেই পথে থাকা এই বাধাগুলো সরিয়ে ফেলা এবং আবার নিজেদের শাসন কায়েম করা। তাদের সহযোগীরা যতদিন পাশে আছে, ততদিন তারা এই স্বপ্ন দেখতেই থাকবে। তবে নির্বাচন হয়ে গেলে সেই সমর্থন ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এ কারণেই তারা তাড়াহুড়ো করছে। নানা কৌশলে নির্বাচনের আগেই ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। চোরাগোপ্তা হত্যাকাণ্ডের উদ্যোগ তারই একটি বহিঃপ্রকাশ। সামনে আরও কঠিন ও বিপজ্জনক পরিকল্পনা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। যারা এখনো পুরনো দাসত্বের মানসিকতায় আবদ্ধ, তাদের সেই শৃঙ্খল ভাঙতে হবে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার পূর্ণ অধিকার জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। এই সময়টাতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রতিটি দিনকে উৎসবের মতো করে তুলতে হবে। আমাদের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মনে কোনো ভয় নেই। তারা নির্বাচনের আগের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে এবং সব ধরনের সহিংসতা ও কোন্দল থেকে দেশকে রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি