ভোলা প্রতিনিধি: ভোলার ভেলামিয়া ইউনিয়নের বিশ্বরোড বাজারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এই ঘটনায় উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা বাজারে গণসংযোগে নেমেছিলেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে “রাজাকার” স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
ভেলামিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আব্দুল হান্নান বলেন, সকালে আমাদের বিজয় র্যালি করার প্রস্তুতির সময় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আমাদের দুজন কর্মী আহত হয়, একজনকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মাগরিবের নামাজের পর বাজারে আমাদের নেতাকর্মীরা বসে আলোচনা করছিলেন, তখন বিএনপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এর ফলে সংঘর্ষের সৃষ্টি হয়।
অন্যদিকে, ভেলামিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউনুস খান কমান্ডার অভিযোগ করেছেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর প্রথমে হামলা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে সংঘর্ষে জড়ায়।
ঘটনার পর জামায়াত ভোলা সদরের ওয়েস্টার্নপাড়া কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে। সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, কয়েকদিন ধরে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মীরা অহেতুক হামলা চালাচ্ছে। সোমবার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে গণসংযোগকালে ২০ জন নেতাকর্মী আহত হয়। আজ সকালে দৌলতখান ও ভেলামিয়া বাজারেও একই ধরনের হামলা চালানো হয়েছে। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
রিপোর্টার্স২৪/এসসি