| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ১৮:৩৭:২৫:অপরাহ্ন  |  ৩৬৩৪৯১ বার পঠিত
তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মনির হোসেন, বেনাপোল : দীর্ঘ তিন মাসের স্থবিরতা কাটিয়ে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ (সাতক্ষীরা) ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ (যশোর)-এর মাধ্যমে পেঁয়াজের চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন আমদানিকরো পেঁয়াজের ছাড়করণকারী প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি জানান, আপাতত তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে বেনাপোলসহ আশপাশের বাজারে দাম কমতে শুরু করেছে। সোমবার বিকেলে বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকা এবং দেশি শুকনো পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আমদানি শুরুর খবরে মোকাম পর্যায়ে দাম কমে আসায় এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। আমদানি স্বাভাবিক হলে বাজারে পেঁয়াজের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তারা।

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক ইমপোর্ট পারমিট (আইপি) পাবেন এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি আইপি উন্মুক্ত করার দাবি জানান, যাতে বাজারে দাম আরও কমে আসে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। পেট্রাপোল বন্দরে আরও কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে, যা পর্যায়ক্রমে বাংলাদেশে প্রবেশ করবে। পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য বন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারাও।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪