রিপোর্টার্স২৪ ডেস্ক: ট্রান্সফরমারের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট মহানগরের একাধিক এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক। তিনি জানান, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ট্রান্সফরমারে জরুরি কারিগরি কাজ করা হচ্ছে, যার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরান হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুরসহ আশপাশের এলাকাগুলোতে এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি মেরামত কাজ শেষ করা সম্ভব হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। এ সময় ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রিপোর্টার্স২৪/ঝুম