নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ আলম ওরফে শিব্বির (৪৭) বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সৌদি আরবপ্রবাসী বিএনপি নেতা। তিনি একই ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলা শহরে নেওয়া হয়। সেখানে একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাতে তাঁকে মৃত ঘোষণা করেন।
বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, শিব্বির সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে ফেরেন। পুনরায় তাঁর সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল। তিনি দুঃসময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন