ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বপ্না আক্তার সাথী (২১) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার মা কহিনুর বেগম।
স্বপ্না আক্তার সাথীর বাড়ি পঞ্চগড় জেলার শালটিয়া পাড়া গ্রামে। প্রায় সাত মাস আগে ঠাকুরগাঁওয়ের জগদল বাজার এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে মো. লিয়নের (২৫) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শান্তিনগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। লিয়ন নিজ বাড়িতে না থেকে স্ত্রীর সঙ্গে এই ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মা কহিনুর বেগম (৪৬) ঠাকুরগাঁও সদর থানায় দেওয়া এক লিখিত অভিযোগে জানান, বিয়ের পর থেকেই মেয়ে-জামাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। স্বপ্না মোবাইলে ফোন করে এসব কথা মাকে জানাতেন। জামাইয়ের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।
ঘটনার দিন দুপুরে বারবার ফোন করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সন্দেহ হলে কহিনুর বেগম তার এক আত্মীয়কে ফোন করেন। পরে জামাই লিয়ন ফোন করে জানান, স্বপ্না বারান্দার লোহার অ্যাঙ্গেলে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে এবং বাড়িতে কেউ নেই। খবর পেয়ে কহিনুর বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসএন