রিপোর্টার্স২৪ ডেস্ক : ‘সচিবালয় ভাতা’ দাবিতে আন্দোলনের সময় সংঘটিত ঘটনার জেরে গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিলো।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
এ ছাড়া বরখাস্ত হওয়া অন্যদের মধ্যে আছেন—স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মো. তায়েফুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী ইসলামুল হক ও মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা সচিবালয়ের ভেতরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। পরদিনও কর্মচারীরা সচিবালয়ে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে তাঁদের গ্রেপ্তার করে।
রিপোর্টার্স২৪/এসএন