কূটনৈতিক রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের দেওয়া নসিহতকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে। এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের কাছ থেকে নসিহত গ্রহণের প্রয়োজন নেই।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার এসব বক্তব্যে উসকানিমূলক উপাদান রয়েছে।
তিনি বলেন, আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে বসে কেউ যদি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন, সে বিষয়ে আমাদের আপত্তি জানাতেই হবে। আমরা তাকে ফেরত চাইবই। কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না, এমনকি তার বক্তব্যও বন্ধ করছে না। উল্টো সর্বশেষ তারা আমাদের নির্বাচন নিয়ে নসিহত করেছে।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ বিষয়ে আমরা প্রতিবেশী দেশগুলোর উপদেশ চাই না। বর্তমান সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছরে দেখা যায়নি। অথচ ওই সময়ের প্রহসনের নির্বাচনগুলোতে ভারত কোনো আপত্তি তোলে নি। এখন যখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে এটি অগ্রহণযোগ্য।
সম্প্রতি ভারতের ‘সেভেন সিস্টারস’ নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনোভাবেই সন্ত্রাসবাদে বিশ্বাস করে না এবং কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দেশের মাটিতে আশ্রয় দেবে না। কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিগতভাবে মন্তব্য করতে পারেন, তবে এ দেশের কোনো সরকারই এ ধরনের অবস্থানকে সমর্থন করবে না।
মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভারত সবসময়ই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রিপোর্টার্স২৪/এসসি