| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ভেজাল সার কারখানায় অভিযান, অর্ধকোটি টাকার সার জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৭, ২০২৫ ইং | ১৭:৫০:০৪:অপরাহ্ন  |  ১১২৫৮৮৮ বার পঠিত
শ্রীপুরে ভেজাল সার কারখানায় অভিযান, অর্ধকোটি টাকার সার জব্দ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘আলিফ ফার্টিলাইজার’ নামে একটি অবৈধ ভেজাল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নামে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল সার ও কাঁচামাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা ব্যবহার করে সারি সারি প্যাকেটে ভেজাল সার মজুত ও উৎপাদন করা হচ্ছিল।

জব্দকৃত সারের মধ্যে রয়েছে— আলিফ জিপসাম ৮ টন, পাওয়ার জৈবসার ২ টন, শক্তি জিংক প্লাস ২ টন, গ্রোজিংক ১.৫ টন, রোটন প্লাস ৪২৫ কেজি, জিপসামের কাঁচামাল ১.২৫ টন, জিংকের কাঁচামাল ৫৫০ কেজি, ইটের গুঁড়া ৯৫০ কেজি, খোলা জিপসাম ১.৫ টন, ডায়াজিনন ২৬ কেজি, ফরফুরান ১৫জি ২০ কেজি, গোটা মুসুর ১ টন এবং ইটের খোয়া দিয়ে তৈরি নিষিদ্ধ বাসুডিন ৩ কেজি। এছাড়াও ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মেশিন জব্দ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শুধুমাত্র প্যাকেটজাত ভেজাল সারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৮ লাখ টাকা।

অভিযানকালে কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান ও আফরোজা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ জানান, অবৈধ ভেজাল সার কারখানাটি সিলগালা করা হয়েছে। জব্দকৃত সার ও কাঁচামাল ধ্বংস করা হবে এবং ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪