রাঙামাটি প্রতিনিধি: আট দফা দাবিতে বোর্ড পরীক্ষা বর্জন করেছেন রাঙামাটির কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বর্জন কর্মসূচির অংশ হিসেবে তারা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব সমস্যা নিরসনের দাবিতে আট দফা প্রস্তাব চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না থাকায় বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।
আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ, কৃষি ডিপ্লোমা শিক্ষায় শিক্ষক সংকট নিরসন, ডিএই-এর অধীনতা থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষা পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন, কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
রিপোর্টার্স২৪/এসএন