সিনিয়র রিপোর্টার: আগামী বছরের অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। তবে সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও এবার অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি।
বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
রিপোর্টার্স২৪/এসসি