ষ্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু।
বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সূত্র অনুযায়ী, গোপালগঞ্জ-০১ আসন থেকে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন।
এছাড়া দলীয় প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর জেলা আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-০৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জে মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।
বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করলেও এনসিপি ও গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ-০১ ও গোপালগঞ্জ-০৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনের ৩৯৭টি ভোটকেন্দ্রে মোট ১০ লাখ ৯৫ হাজার ৪৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে, যারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তারা তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা সভা-সমাবেশ, উঠান বৈঠক ও ব্যক্তিগত গণসংযোগের মাধ্যমে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগে নেমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
রিপোর্টার্স২৪/এসএন