রিপোর্টার্স২৪ডেস্ক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদির চিকিৎসার খোঁজখবর নেন। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হাদির বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
ফোনালাপে জানানো হয়, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/বাবি