| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন সামনে রেখে টকশোতে কটূক্তি নিষিদ্ধ করল ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০০:৪৩:৫২:পূর্বাহ্ন  |  ১১২৩৪৭৭ বার পঠিত
নির্বাচন সামনে রেখে টকশোতে কটূক্তি নিষিদ্ধ করল ইসি

রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো, সাক্ষাৎকার ও নির্বাচনি সংলাপে কটূক্তিমূলক, হেয়প্রতিপন্ন বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। একই সঙ্গে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর দায়িত্ব রয়েছে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

এতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না।

ইসি জানিয়েছে, সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের সময় যেন কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা না হয় এবং সবাই সমান সুযোগ পান—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর এবং নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪