বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের পলাতক এমডির নাম ব্যবহার করে জাল বোর্ড সভা দেখানো ও ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান, ব্যাংকের এমডি ওমর ফারুক খানসহ সাতজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রয়েছেন।
মামলা দায়ের করেছেন মেসার্স মিল্লাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মিল্লাত হোসেন। আদালত প্রাথমিক তথ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া জেলা কার্যালয়কে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, চলমান চুক্তির সময় পলাতক এমডির অনুপস্থিতিতে জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া বোর্ড সভা দেখিয়ে ঋণ পুনঃতফসিলের আবেদন করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকের বড়গোলা শাখা ঋণ আদায়ের জন্য নোটিশ পাঠালেও পুনঃতফসিলের অপচেষ্টা চালানো হয়েছে।
ইসলামী ব্যাংক বগুড়া জোনাল হেড সিকদার শাহাবুদ্দিন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের নির্দেশনা পাওয়া গেছে এবং কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি