স্টাফ রিপোর্টার: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রদূতের সফল দায়িত্বকাল শেষ করায় অভিনন্দন জানিয়ে বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক, যা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগে আরও সম্প্রসারিত হবে।
রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। তিনি বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন এবং দায়িত্বকালীন সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, আয়েশা আক্তার এবং কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি