স্টাফ রিপোর্টার: সহিংস কর্মকাণ্ডে জড়িত কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেবেন না—এমন মত দিয়েছেন দেশের ৯২.৩ শতাংশ নাগরিক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নিরাপত্তা ও অধিকার: কী চাই, কী পাচ্ছি?’ শীর্ষক নাগরিক সংলাপে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে আরও দেখা যায়, ৫৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন দেশ ভুল পথে এগোচ্ছে, যার প্রধান কারণ হিসেবে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেছেন।
সংলাপে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, পুলিশি হয়রানি ও বিচার ব্যবস্থার দুর্বলতায় জননিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণঅধিকার পরিষদ, বিএনপি, এনসিপি ও জামায়াতসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা রাজনৈতিক জবাবদিহিতা, প্রতিশোধের রাজনীতি বন্ধ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথরিন সিসিল জানান, জরিপটি ৫–৩০ নভেম্বর পরিচালিত হয়। এতে নাগরিকরা নতুন সরকারের শীর্ষ অগ্রাধিকার হিসেবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও সহিংসতা কমানোর দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি