রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। টানা এক সপ্তাহ ধরে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি মৌসুমে শীতের তীব্রতা নতুন মাত্রা যোগ করেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার, যা ঠান্ডার অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শীতের প্রকোপ বাড়তে শুরু করে। রাত গভীর হলে এবং ভোরের দিকে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভুগছেন। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া এবং বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যায় প্রতিদিনই হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে এই এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা কাছাকাছি অবস্থান করছে এবং বর্তমানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি পুরো অঞ্চলে জেঁকে বসতে পারে কনকনে শীত।
রিপোর্টার্স২৪/ঝুম