রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম শুরু হয়।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে আজ সকাল থেকেই আবেদনকারীদের জন্য ভিসা সেন্টার খুলে দেওয়া হয়েছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বুধবার দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
একই দিনে, এ ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর ভিসা সেন্টারের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম