| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:৩৮:১৯:পূর্বাহ্ন  |  ৩৯২৮০৬ বার পঠিত
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার জোহর ও নেগেরি সেম্বিলান রাজ্যে পৃথক সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে এসব অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, জোহর রাজ্যের জোহর বাহরু জেলার তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় বড় ধরনের অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে ৩৫৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহায়তায় জোহর ইমিগ্রেশন (জেআইএম) এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বিপুলসংখ্যক বিদেশি কর্মী কোনো বৈধ ভ্রমণ নথি বা কাজের পারমিট ছাড়াই সেখানে কর্মরত ছিলেন।

তিনি আরও জানান, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও কারখানার সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেওয়ায় তারা ব্যর্থ হন। তদন্তে সহায়তার জন্য কারখানাটির মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে।

প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

দাতুক মোহদ রুসদি বলেন, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের একটি সুসংগঠিত কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যার মধ্যে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টিও রয়েছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে যারা মুনাফা লুটছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে।

এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশি নাগরিক।

নেগেরি সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা চার ঘণ্টার বেশি সময় ধরে পরিচালিত এই অভিযানে ২৬ জন জেআইএম কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় মোট ১১৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

অভিযানে সেরেমবান সিটি কাউন্সিলের ১৯ জন সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ জন কর্মকর্তা অংশ নেন। দুপুর ১টা ৩০ মিনিটে অভিযান শেষ হয় এবং এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

কেনিথ তান আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, নির্ধারিত সময়ের বেশি অবস্থানসহ একাধিক অপরাধ প্রমাণিত হয়েছে। এসব অপরাধ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় শাস্তিযোগ্য।

আটক বাংলাদেশিদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসী (পিএটিআই) সংক্রান্ত তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়া মালিকপক্ষের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫ই(১) ধারায় অবৈধ শ্রমিক নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪