রিপোর্টার্স২৪ ডেস্ক: ঋতুচক্রের হেমন্ত বিদায় নেওয়ার পর ঢাকায় শীতের শুষ্ক আবহাওয়ায় বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮:৩০ টায় ঢাকার বায়ুদূষণ সূচক ১৮২ স্কোর দেখিয়েছে, যা শহরটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে নিয়ে গেছে।
যদিও আগের দিনের তুলনায় দূষণের মাত্রা কিছুটা কমেছে, তবুও এই মান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে ধূলিকণার আধিক্য মেগাসিটি ঢাকাকে প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় উপরের দিকে রাখছে।
আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় আজ ২৮৫ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে চীনের উহান শহর ২৫১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় এবং ভারতের কলকাতা শহর ২২৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া চীনের হ্যাংজু ও বেইজিং যথাক্রমে ২০৫ ও ২০১ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে। শুষ্ক মৌসুমে বৃষ্টির অভাব ও নিরবচ্ছিন্ন ধূলিকণার কারণে দক্ষিণ এশিয়া ও চীনের এই শহরগুলোতে বায়ুর মানের উল্লেখযোগ্য অবনতি লক্ষ্য করা যাচ্ছে।
বায়ুর মান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। অন্যদিকে ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
বায়ুর মান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঘরের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ করার সংকেত দেয়। স্কোর ৩০১ অতিক্রম করলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
রিপোর্টার্স২৪/ঝুম