| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৪:৫২:২২:অপরাহ্ন  |  ৩২৯২৩২ বার পঠিত
রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কার্যালয়ে নির্বাচন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনি মালামাল ও বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নথি ও মালামালের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মকর্তা–কর্মচারীদের নিরাপত্তা দেওয়া অত্যাবশ্যক বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ মাঠপর্যায়ের কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চায় নির্বাচন কমিশন।

এছাড়া বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্টের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪