কূটনৈতিক প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপত্তা পরিস্থিতিসহ বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং শুরু হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে এই ব্রিফিং শুরু হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বক্তব্য রাখছেন। এতে ৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই ব্রিফিং আয়োজন করা হয়েছে। এতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ তুলে ধরা হচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, ব্রিফিং শেষে পররাষ্ট্রসচিব উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দেয়। এ পরিস্থিতিতে আজকের এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি