ঝিনাইদহ প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ”—এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
এ উপলক্ষে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আজ ১৮ ডিসেম্বর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হচ্ছে। একই সঙ্গে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে পালন করা হচ্ছে ‘জাতীয় প্রবাসী দিবস’।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ উন্নয়নের যে মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে।
অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মী তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত নিরসনের তাগিদ দেন।
রিপোর্টার্স২৪/এসএন