| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ২৭ ডিসেম্বর পুরস্কার বিতরণ

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ১৬:১৫:৩৭:অপরাহ্ন  |  ১১১০৬২৩ বার পঠিত
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর বাংলা একাডেমির বিভিন্ন পুরস্কারের জন্য ৮ জনকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষাভিত্তিক গবেষণায় অবদানের জন্য ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় অবদানের জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন খসরু চৌধুরী। কবিতায় অবদানের জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন সানাউল হক খান। এই দুটি পুরস্কারেরই অর্থমূল্য এক লাখ টাকা।

বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ ‘সা‘দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। অভিনয়, নাট্যনির্দেশনা ও নাট্যসংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন তারিক আনাম খান। এই দুই পুরস্কারের অর্থমূল্যও এক লাখ টাকা করে।

গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা–শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। তাঁর গ্রন্থ ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’–এর জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। এর অর্থমূল্য ৫০ হাজার টাকা।

এ বছর ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি পাচ্ছেন সুব্রত বড়ুয়া। এ ক্ষেত্রে পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। তাঁর ক্ষেত্রে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪