রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গৃহীত সর্বশেষ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে ঢাকায় অবস্থানরত বিদেশি দূতাবাসগুলোকে নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য উপস্থাপন করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয় যে নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। একই সঙ্গে দূতাবাসগুলোকে নিজ নিজ দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়।
এসময় জানানো হয়, নির্বাচনকালীন সময়সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর পাশাপাশি ঢাকায় অবস্থানরত কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকার অঙ্গীকারবদ্ধ এ মর্মে তাদের আশ্বস্ত করা হয়।
এই ব্রিফিংয়ে ঢাকায় বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে কূটনৈতিক মহলের সঙ্গে সরকারের এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম