রিপোর্টার্স২৪ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা–সমাবেশ ও প্রচার-প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে, হোটেল–রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।
এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা–সমাবেশ আয়োজন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি