ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে লিফলেট, বাঁশের লাঠি ও ইট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রুহিয়া থানার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর কাদেরীয়া দাখিল মাদ্রাসার মাঠে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করলে মো. লুৎফর রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি রাজাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নামে লেখা ২২ পাতার লিফলেট, আটটি বাঁশের লাঠি এবং একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার করা লিফলেটগুলোতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, সরকার পতনের আহ্বানসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য ছিল বলে পুলিশ জানিয়েছে।
আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীসহ অন্তত ৫০–৬০ জন উপস্থিত ছিলেন। বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং ব্যক্তি ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের পরিকল্পনা করা হচ্ছিল।
এ ঘটনায় রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেছেন। মামলায় আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ সাইফ