স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা সেক্টর ১৪-তে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। ঘটনা ঘটেছে সোমবার বিকেলে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী বাড়িতে প্রবেশ করে এবং হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে দিতে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে। এরপর তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢুকে নাদিম হাসানের (সাবেক এমপির ভাই) সম্পত্তি ক্ষতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি মনিরুল ইসলাম বলেন, “উত্তেজিত বিক্ষোভকারীরা ভুলবশত সাবেক এমপি হাবিব হাসানের বাড়িতে হামলা চালায়। একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
রিপোর্টার্স২৪/এসসি