চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক হিটারে গরম করা পানিতে পড়ে ঝলসে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম আমিনুল ইসলাম। সে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাউসিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ঘরের কাজে ব্যবহারের জন্য আমিনুলের মা বৈদ্যুতিক হিটারে পানি গরম করে রেখেছিলেন। একপর্যায়ে অসাবধানতায় হামাগুড়ি দিতে দিতে শিশুটি ওই গরম পানিতে পড়ে যায়। এতে তার শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে যায়।
পরে তাকে দ্রুত চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহত শিশুর বাবা মোহাম্মদ ইলিয়াস বলেন, অসাবধানতায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সব চেষ্টা করেও সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।