স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ মোড়ে বৃহস্পতিবার রাত থেকে অবরোধ ও বিক্ষোভ চালাচ্ছে ছাত্র-জনতা। শুক্রবার ভোরেও তারা অবস্থান করছেন এবং ফজরের ওয়াক্তে মোড়েই নামাজ আদায় করেছেন।
ভোর সাড়ে ৫টায় সরেজমিনে দেখা যায়, মোড়ে ফজরের আজান দেওয়া হয় এবং উপস্থিত ছাত্র-জনতা একসঙ্গে নামাজ আদায় করেন। বিক্ষোভ চলাকালে তারা টায়ারে আগুন জ্বালিয়ে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন।
শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
রিপোর্টার্স২৪/বাবি