রিপোর্টার্স২৪ ডেস্ক: শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর না করা হলে চলমান আন্দোলন আরও তীব্র ও সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাধীনতাকামী জনগণের লড়াই থামবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে রাজধানীর শাহবাগে ওসমান হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে আসিফ মাহমুদ বলেন, যারা হাদিকে হত্যা করেছে, তাদের অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তা না হলে এই আন্দোলন সময়ের সঙ্গে আরও কঠোর রূপ নেবে। তিনি অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে নিষিদ্ধ ও পলাতক রাজনৈতিক শক্তি এবং তাদের সহযোগীরা জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, তারা ভুলে গেছে- জুলাই গণ-অভ্যুত্থানে এই দেশের মানুষ রক্ত দিয়ে রাজপথ দখল করেছিল, কিন্তু মাথা নত করেনি।
হাদির রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করতেন। তার সংগ্রামে সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা সুবিধাভোগী গোষ্ঠীর কোনো স্থান নেই। হাদির আদর্শ অনুসরণ করেই আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে, বলেন তিনি।
ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। হাদির খুনিদের হস্তান্তর না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে, যোগ করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/আরকে