| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:০৬:০৪:পূর্বাহ্ন  |  ১০৮৮৩৬৭ বার পঠিত
ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগে আসছেন।

সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকায় ক্রমেই বাড়ছে মানুষের উপস্থিতি। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড, মুখে উচ্চারিত হচ্ছে প্রতিবাদী স্লোগান- ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’।

শনিরআখড়া থেকে শাহবাগে আসা মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতেই ভোরে এখানে চলে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ‘ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করব। হাদি ভাইয়ের হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজধানী। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা বর্তমানে উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪