| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির অকাল মৃত্যুতে মার্কিন দূতাবাসের গভীর শোক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৩:০৯:৩৩:অপরাহ্ন  |  ৩৪০৮১৪ বার পঠিত
ওসমান হাদির অকাল মৃত্যুতে মার্কিন দূতাবাসের গভীর শোক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক শোক বার্তায় দূতাবাস জানায়, তারা বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই মেধাবী তরুণ নেতার প্রয়াণে শোকাহত। তারা হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

দূতাবাসের শোক বার্তায় বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধার মৃত্যু আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া ফেলেছে।

শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

হামলার পর তাকে প্রথমে দেশের হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদ হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে করে দেশে আনা হবে। বিমানবন্দর ও শাহবাগে তার অনুসারীরা সমবেত হচ্ছেন। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার তার জানাজার নামাজ সম্পন্ন করা হবে।

দেশজুড়ে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন দূতাবাসের এই শোক বার্তা এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪