বগুড়া প্রতিনিধি: টিকটকে নাচের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ গুম করতে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মুকুল মিয়া (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়া গ্রাম থেকে মারুফার মরদেহ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মুকুল মিয়া একই এলাকার শাজাহান আলীর ছেলে। নিহত মারুফা সদর উপজেলার লাহেড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া পীরগাছা গ্রামের মাহবুবের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর শনিবার রাতে মারুফার এক চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে তোলা নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুকুল মিয়া স্ত্রীকে গলা টিপে হত্যা করেন।
হত্যাকাণ্ড গোপন করতে ওই রাতেই মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ঢেকে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর মুকুল মিয়া স্ত্রী নিখোঁজ দাবি করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। এমনকি ১৫ ডিসেম্বর তিনি নিজেই বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে উল্লেখ করা হয় তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে ডিবি। তদন্তের একপর্যায়ে মুকুলের বক্তব্যে অসংগতি দেখা দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে সেপটিক ট্যাংক থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি